দেশে যুগান্তকারী পোর্টেবল এআই আল্ট্রাসাউন্ড ডিভাইস আনছে মার্কিন প্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি বাংলাদেশে ‘যুগান্তকারী’ পোর্টেবল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত আল্ট্রাসাউন্ড ডিভাইস চালু করার পরিকল্পনা ঘোষণা করেছে। এ পদক্ষেপকে দেশের স্বাস্থ্যখাতে এক বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই যুগান্তকারী প্রযুক্তি ও এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করেন যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সো ইমেজিংয়ের সহ-প্রতিষ্ঠাতা ইউসুফ হক ও সন্দীপ আকারাজুর নেতৃত্বে কর্মকর্তারা।

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন চিকিৎসা প্রযুক্তি বিশেষজ্ঞ ও এক্সোর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ইউসুফ হক জানান, প্রথম ধাপে দেশের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোতে এ ডিভাইস চালু করা হবে। দীর্ঘমেয়াদে লক্ষ্য হচ্ছে এটি গ্রামীণ ও কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও ছড়িয়ে দেওয়া।

তিনি বলেন, এই ডিভাইসটি বহনযোগ্য ও অত্যন্ত কার্যকরীভাবে তৈরি করা হয়েছে, যাতে মানসম্মত ডায়াগনস্টিক সুবিধা এমনকি প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দেওয়া যায়। এটি বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটাবে, বিশেষ করে বাংলাদেশের গ্রামীণ এলাকায়। চিকিৎসক ও নার্সরা শিগগিরই এটিকে স্টেথোস্কোপের মতো ব্যবহার করবেন।

এক্সোর প্রধান নির্বাহী সন্দীপ আকারাজু জানান, এশিয়ার মধ্যে বাংলাদেশই প্রথম দেশ যেখানে প্রযুক্তিটি চালু হচ্ছে। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদনপ্রাপ্ত এই প্রযুক্তি বর্তমানে কেবল যুক্তরাষ্ট্রে ব্যবহার হচ্ছে।

তিনি বলেন, আমরা শিগগিরই মেক্সিকোসহ লাতিন আমেরিকার কয়েকটি দেশেও এটি চালু করার পরিকল্পনা করছি।

এআই চালিত পোর্টেবল আল্ট্রাসাউন্ড ডিভাইসটি হৃদরোগ, যক্ষ্মা, স্তন ক্যানসার, ফুসফুসের রোগ, থাইরয়েড সমস্যা এবং গর্ভাবস্থাজনিত জটিলতাসহ নানা ধরনের অসুস্থতা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে সহায়তা করতে পারবে।

প্রধান উপদেষ্টা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সৈয়দুর রহমান, বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।