গুরুদাসপুরে নারী ইউপি মেম্বারের বাড়িতে অভিযান, চাল ও কার্ড উদ্ধার

নাটোরের গুরুদাসপুরে ভিজিএফ কর্মসূচির চাল আত্মসাত ও অর্থ আদায়ের অভিযোগে ইউনিয়ন পরিষদের এক নারী মেম্বারের বাড়িতে অভিযান চালিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী মেম্বার চামেলির বাড়িতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ। অভিযানে সহায়তা করে গুরুদাসপুর থানা পুলিশ ও আনসার বাহিনী।

অভিযোগ ছিল- চামেলি দুই নারীর ভিজিএফ কার্ড এবং তাদের বরাদ্দের ৬০ কেজি করে মোট ১২০ কেজি চাল জোরপূর্বক নিয়ে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা দাবি করেন। পরে ইউএনওর নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই চাল ও কার্ড উদ্ধার করা হয়।

ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ অনুসারে অভিযুক্ত মেম্বারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

স্থানীয়রা এ ধরনের প্রশাসনিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, সাধারণ মানুষের প্রাপ্য সরকারি সহায়তা সুষ্ঠুভাবে বিতরণে এমন উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।