দুবাইয়ে ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি জানায়, দুবাইয়ে বিপুল পরিমাণ অর্থ পাচারের মাধ্যমে সাইফুজ্জামান চৌধুরী ২২৬টি ফ্ল্যাট ক্রয় করেন। পাশাপাশি সেখানকার বিভিন্ন ব্যবসায়ও তিনি বিনিয়োগ করেন। এ ঘটনায় তদন্ত শেষে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে দুবাইয়ে বিপুল অঙ্কের অর্থ পাচারের প্রমাণ মিলেছে। মামলার তদন্তের অংশ হিসেবে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং মানি লন্ডারিং চক্রের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে।