প্রযুক্তি উদ্ভাবক নাবিলের পাশে তারেক রহমান

‘গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস’ অ্যাপসের উদ্ভাবক কিশোর আহনাফ বিন আশরাফ নাবিলের পাশে দাঁড়িয়েছেন দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

গতকাল বৃহস্পতিবার দুপুরে তারেক রহমানের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ায় নাবিলের গ্রামের বাড়িতে যান দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় নাবিল এবং তার টিমের আরও দুই সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। গবেষণা কাজে মেধাভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে উৎসাহ দিতে তারেক রহমানের পক্ষ থেকে তাদের হাতে বিশেষ আর্থিক সহায়তা তুলে দেন রুহুল কবির রিজভী। নাবিলের সঙ্গে সাক্ষাৎকালে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

এ সময় উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর মাসুদ রানা লিটন ও শাহাদাত হোসেন এবং বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ।

প্রসঙ্গত, ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস’, এটি একটি অ্যাপসের নাম। শিশু, কিশোরী ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি বহুমাত্রিক ডিজিটাল প্ল্যাটফর্ম। এই অ্যাপের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, হেল্প বাটন ও লাইভ লোকেশন শেয়ারিং, মানসিক স্বাস্থ্য সহায়তা ও আত্মহত্যা প্রতিরোধ ফিচার, রক্তদাতার নেটওয়ার্ক ও জরুরি তথ্য, এআই ভিত্তিক আবেগ বিশ্লেষণ, পরিবেশ ও ক্যারিয়ার সচেতনতামূলক কনটেন্ট।