রাকসুর ২৩ পদে মনোনয়নপত্র নিয়েছেন ৩৮২ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ এর মনোনয়নপত্র বিরতণের সময় শেষ হয়েছে গত বুধবার। এর মধ্যে ২৩টি পদের বিপরীতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৮২ জন। আর সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে মোট ৮৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

গত বুধবার সন্ধ্যায় রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য জানান। অধ্যাপক নজরুল বলেন, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন রাকসু নির্বাচনে ৪১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া সিনেট নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। সব মিলিয়ে রাকসু ও সিনেট নির্বাচনে ৪৬৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার রাকসু নির্বাচনের সহসভাপতি (ভিপি) পদে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১০ জন মনোনয়নপত্র নিয়েছেন।

রাকসুর অন্য পদের মধ্যে ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ৮ জন, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক ৮ জন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৫ জন ও সহকারী সংস্কৃতি সম্পাদক পদে ৭ জন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ৫ জন ও সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদে ৪ জন, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৯ জন ও সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৫ জন, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ৭ জন ও সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ৪ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৩ জন ও সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৬ জন, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৩ জন এবং সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৪ জন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১৩ জন ও সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সবচেয়ে বেশি মনোনয়নপত্র বিরতণ করা হয়েছে কার্যনির্বাহী সদস্য পদে; যেখানে ৪ পদের বিপরীতে ৫১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ছাত্রীদের নিয়ে মন্তব্য, ছাত্রদল নেতা বহিষ্কার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই ৩৬ হলে রাত ১১টার পর প্রবেশ করা ছাত্রীদের নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় এক ছাত্রদল নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে বহিষ্কৃত এই ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলার আবেদন করেছেন সংগঠনটির সভাপতি সুলতান আহমেদ রাহী। গতকাল দুপুরে নগরের মতিহার থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন।