বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ফেব্রুয়ারিতেই ভোট আয়োজনের পক্ষে জাতিসংঘের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন সংস্থাটির আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।
বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই মত দেন। বৈঠকে জাতীয় নির্বাচন, চলমান সংস্কার, টেকসই উন্নয়ন এবং রোহিঙ্গা ইস্যুসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
গোয়েন লুইস বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশ্বস্ত করেন যে, নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের কারিগরি ও নীতিগত সহায়তা অব্যাহত থাকবে।
বৈঠকে উভয় পক্ষই অবাধ, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। এ লক্ষ্য বাস্তবায়নে জাতিসংঘ কীভাবে সহযোগিতা করতে পারে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া, বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার ও উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনায় গোয়েন লুইস জাতিসংঘের সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দেন। রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক সহায়তা হ্রাস পাওয়া প্রসঙ্গেও উভয় পক্ষ উদ্বেগ প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা ইস্যুতে টেকসই আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, মানবিক তহবিলের ঘাটতি বাড়তে থাকায় এ সংকট সমাধান ক্রমেই কঠিন হয়ে উঠছে।
বৈঠকের শেষভাগে বাংলাদেশের সার্বিক অগ্রগতি ও রূপান্তরের বিষয়ে জাতিসংঘের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন গোয়েন লুইস। তিনি বলেন, টেকসই উন্নয়ন, গণতন্ত্র ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে জাতিসংঘ সবসময় বাংলাদেশের পাশে থাকবে।
সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উভয় পক্ষ।