আফগানিস্তান আবারও কেঁপে উঠেছে শক্তিশালী ভূমিকম্পে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে অনুভূত হয় ৫ দশমিক ৬ মাত্রার কম্পন। মাত্র ছয় দিনের মধ্যে এটি তৃতীয় ভূমিকম্প, যা আতঙ্ক আরও বাড়িয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, সর্বশেষ কম্পনে ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়নি। তবে আহত অন্তত ১৭ জনকে চিকিৎসার জন্য কুনার প্রাদেশিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে রবিবার কুনার ও নাঙ্গারহার প্রদেশ কেঁপে উঠেছিল ৬ মাত্রার ভূমিকম্পে। তার দুই দিন পর মঙ্গলবার আঘাত হানে আরও একটি, যার মাত্রা ছিল ৫ দশমিক ৫।
ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র এখনো স্পষ্ট হয়ে উঠছে। একের পর এক মরদেহ উদ্ধারের পর আফগানিস্তানে সর্বশেষ হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার দুই শতাধিক। পাহাড়ি দুর্গম অঞ্চলে উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে আহত হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ। একই সঙ্গে ছয় হাজার সাতশ’র বেশি ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। সব মিলিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৮৪ হাজার মানুষ।