ভারত ভেঙে ছোট ছোট দেশ গঠনের প্রস্তাব অস্ট্রিয়ার অর্থনীতিবিদের

ভারতকে ধর্ম, জাতি ও ভাষার ভিত্তিতে বিভক্ত করে একাধিক দেশ গঠনের আহ্বান জানিয়েছেন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ও কূটনীতিক গুনথার ফেলিঙ্গার। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এই পরিকল্পনার একটি মানচিত্র প্রকাশ করে একে নাম দিয়েছেন ‘এক্স ইন্ডিয়া’।

ন্যাটো সম্প্রসারণ কমিটির অস্ট্রিয়ান চেয়ারম্যান ফেলিঙ্গার ওই পোস্টে লেখেন, ভারতের জনগণকে রাশিয়াপন্থী স্বৈরশাসক নরেন্দ্র মোদির শাসন থেকে মুক্ত করতে হবে এবং ‘মুক্ত খালিস্তান’-এর মতো নতুন রাষ্ট্র গঠনের প্রয়োজন রয়েছে। একইসঙ্গে জানান, এই বিষয়ে শিখ নেতাদের সঙ্গে তার আলোচনা হয়েছে।

প্রকাশিত মানচিত্রে পাঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থানসহ উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলোকে ‘খালিস্তান’ নামে দেখানো হয়েছে। মহারাষ্ট্র, অন্ধ্র, বিহার, গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তর-পূর্ব ও দক্ষিণ ভারতের রাজ্যগুলোকেও আলাদা দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

যদিও ফেলিঙ্গার অস্ট্রিয়া সরকারের কোনো দায়িত্বে নেই, তার এই মন্তব্য ও মানচিত্র ভারতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই এটিকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ হিসেবে দেখছেন। (সূত্র: ফিনান্সিয়াল টাইমস)