বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল এবং আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের প্রেম ভাঙনের গুঞ্জন আরও জোরালো হয়েছে। মাত্র ১৩ দিন আগে প্রকাশ্যে তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত হওয়ার পর হঠাৎ করে ইনস্টাগ্রাম থেকে দুজনের যৌথ ছবি মুছে দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ইয়ামাল শুধু ছবিগুলো মুছেই দেননি, নিজের প্রোফাইল ছবিও সরিয়ে ফেলেছেন। বর্তমানে তার ইনস্টাগ্রাম বায়োতে শুধু “LY10” এবং “God bless me” লেখা রয়েছে। এ ঘটনাকে অনেকেই সম্পর্কের ফাটলের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করছেন। যদিও আনুষ্ঠানিকভাবে কেউ এখনো বিচ্ছেদের কথা স্বীকার করেননি।
গত ২৫ আগস্ট ইয়ামাল তার ইনস্টাগ্রাম স্টোরিতে নিকি নিকোলের ২৫তম জন্মদিন উদযাপনের ছবি শেয়ার করেন। হাতে হাত ধরে গোলাপ ও বেলুনের মাঝে তোলা সেই ছবিই ছিল তাদের সম্পর্কের আনুষ্ঠানিক প্রকাশ। এর আগে নিকোলকে দেখা গিয়েছিল ইয়ামালের ১৮তম জন্মদিনে এবং বার্সার ম্যাচে গ্যালারিতে, যেখানে তিনি ইয়ামালের নাম্বার ১০ জার্সি পরে হাজির ছিলেন।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা নানা তত্ত্ব ছড়াতে থাকলেও ইয়ামাল বিষয়টি গুরুত্ব না দিয়ে মাঠের পারফরম্যান্সে মনোযোগী থাকার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, সম্প্রতি মাঠের বাইরের বিষয় নিয়ে আমার সম্পর্কে বেশি কথা হচ্ছে। কিন্তু আসল পরিচয় মাঠে আমার পারফরম্যান্সেই। আমি জানি, জীবনের সবকিছু নিয়েই আলোচনা হবে এবং অনেক কিছুই বানানো হবে। এতে আমি প্রভাবিত হই না। আমি কেবল আমার ঘনিষ্ঠ মানুষদের কথাই শুনি, বাকিটা নিয়ে ভাবি না।”
এমন পরিস্থিতিতে স্প্যানিশ সাংবাদিক ও পাপারাজ্জি জর্দি মার্টিন এক বিস্ফোরক দাবি তুলেছেন। শাকিরা-পিকের বিচ্ছেদ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশের জন্য পরিচিত এই সাংবাদিক জানিয়েছেন, নিকি নিকোল আর্জেন্টিনায় ফিরে যাওয়ার পর ইয়ামাল নাকি বন্ধুদের নিয়ে সেভিয়া ও মারবেইয়াতে ঘুরতে যান। সেখানে তারা রাতভর পার্টি করেন এবং বিপুলসংখ্যক নারীকে ভাড়া করে ব্যক্তিগত অনুষ্ঠানে নিয়ে আসেন।
মার্টিন বলেন, “আমি নিজেই লামিনে ইয়ামালকে অনেক মেয়ের সঙ্গে পার্টি করতে দেখেছি এবং ছবি তুলেছি। বার্সেলোনার শেষ পার্টিতে অন্তত ৭০ জন মেয়ে উপস্থিত ছিল। নিকি নিকোল এসব খবর শুনে কেমন প্রতিক্রিয়া দেবেন, সেটিই এখন বড় প্রশ্ন।”
এমন দাবি সামনে আসার পর ইয়ামাল-নিকোলের সম্পর্ক ভাঙনের গুঞ্জন আরও জোরালো আকার ধারণ করেছে।