নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রায় সাড়ে সাত’শ বছরের প্রাচীন উপমহাদেশের প্রথম হাদিস চর্চা কেন্দ্রের গ্রন্থাগার সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছেন ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির সদস্যরা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ষোলপাড়া গ্রামে ধ্বংসের প্রায় ধারপ্রান্তে থাকা গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় আনুমানিক ১২৭৮ খ্রিষ্টাব্দে উজবেকিস্তান থেকে আগত ইসলামি চিন্তাবিদ শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামা একটি হাদিস চর্চা কেন্দ্র গড়ে তুলেছিলেন। ওই সময় দেশ-বিদেশে এটির ব্যাপক পরিচিতি ছড়িয়ে পরে। এ চর্চা কেন্দ্রটির পাশেই ছিল একটি সমৃদ্ধ গ্রন্থাগার। বর্তমানে এর ধ্বংসাবশেষ টিকে রয়েছে। তাই অবিলম্বে গুরুত্বপূর্ণ প্রত্নসম্পদটি সংস্কার ও সুরক্ষার দাবি জানান বক্তারা।
সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, কবি রহমান মুজিব, সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী প্রমুখ।