ফরিদপুরে সংসদীয় আসন পুনর্নির্ধারণ করতে গিয়ে ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা মহাসড়ক অবরোধ প্রত্যাহার নিয়েছে স্থানীয় আন্দোলনকারীরা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।
ইউএনও জানান, এরই মধ্যে ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে আন্দোলনকারীদের বিষয়টি জানানো হয়েছে।
আন্দোলনকারীরা জানান, আগামী তিন দিনের মধ্যে নতুন গেজেট প্রকাশ করা না হলে বৃহত্তর আন্দোলনে যাবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাবে।
এর আগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে সরিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের ঘটনায় ক্ষুব্ধ হয়ে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের অবরোধ করে স্থানীয়রা। এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।