কারণ দর্শানোর নোটিশ পেল ডাকসু ভিপি প্রার্থী জুলিয়াস সিজার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদপ্রার্থী কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা জুলিয়াস সিজার তালুকদারকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। 'ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ' নামের একটি ফেসবুক পেজের  অ্যাডমিন হওয়ায় তা বন্ধ না করায় এই নোটিশ জারি করা হয়।

ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম রব্বানীর স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, নির্বাচনের প্রার্থীদের মধ্যে একে অপরের বিরুদ্ধে প্রচারণা ও চরিত্র হননের অভিযোগ পাওয়া সত্ত্বেও উক্ত পেজটি বন্ধ করেননি জুলিয়াস সিজার তালুকদার।

নোটিশে তালুকদারকে আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলার উত্তর পাশের সভাকক্ষে এক জরুরি সভায় ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

ডাকসু নির্বাচনকে ঘিরে শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অভিযোগ উঠেছে। বিভিন্ন প্যানেল একে অপরের বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্র হননের অভিযোগ তোলে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক জনপ্রিয় ফেসবুক গ্রুপ ও পেজগুলো সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

এই সিদ্ধান্তের আলোকে আগেই 'ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ' পেজটি বন্ধ করার জন্য এর অ্যাডমিন সিজারকে অনুরোধ করা হলেও তিনি তা মানেননি। এর পরিপ্রেক্ষিতেই আজ এই কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।