ডু অর ডাই ম্যাচে কেবল জয়েই চোখ মোরসালিনদের

আগের ছয়বারের চেষ্টায় কখনোই এশিয়ান কাপের বাছাইপর্ব পেরোতে সক্ষম হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ভিয়েতনামে সেই ‘প্রথমে’র লক্ষ্যে স্বাগতিকদের বিপক্ষে এবারের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। বুধবার ভিয়েত ট্রাই স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে বাংলাদেশকে হারিয়ে দেয় ভিয়েতনাম। ওই হার থেকে ঘুরে দাঁড়িয়ে কাল বিকেল তিনটায় একই মাঠে ইয়েমেনের বিপক্ষে দ্বিতীয় কথা বাঁচা-মরার ম্যাচে মাঠে নামবেন মোরসালিন-মিচেলরা। নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ২-১ গোলে হারিয়ে টেবিলের দুইয়ে আছে ইয়েমেন।

ইয়েমেনের বিপক্ষে ম্যাচ নিয়ে কঠোর প্রত্যয়ী অধিনায়ক শেখ মোরসালিনও। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের প্রত্যাশা অনুযায়ী ফল আসেনি। ইয়েমেনের শক্তি ও দুর্বলতা নিয়ে অনুশীলনের আগে ভিডিও সেশনে আমরা কাজ করেছি। আমি মনে করি কাল আমাদের ডু অর ডাই ম্যাচ। আমাদের দলের সবার মানসিকতাও এখন শুধু জয়ের দিকে। আমরা টিম মিটিংয়েও সেই কথাই বলেছি। আমাদের কমিটমেন্ট এখন একটাই- আমাদের কালকের ম্যাচ যেভাবেই হোক জিততে হবে। এছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই। কারণ আমাদের দুটো ম্যাচ থাকলেও, কালকের ম্যাচটা জিতলেই কেবল দ্বিতীয় ‍সুযোগ পাবো। কিন্তু এই ম্যাচে কোনো নেতিবাচক ফল এলে আর কিছু করার থাকবে না। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন কালকের ম্যাচটা যেভাবেই হোক আমরা জিততে পারি।’

বাই বাং স্পোর্টস কমপ্লেক্সের ট্রেনিং গ্রাউন্ডে পজেশন ভিত্তিক অনুশীলনের পাশাপাশি টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল ঝালাইও সেরে নিয়েছেন কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা। সুখবর হলো দলের ইনজুরি সংক্রান্ত কোনো সমস্যা নেই। সেই সঙ্গে ভিয়েতনামের বিপক্ষে নিষ্প্রভ ফরোয়ার্ড লাইনে প্রাণ ফেরাতে একাদশে দেখা যেতে পারে ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। ইয়েমেনকে সমমানের দল মনে করে সহকারী কোচ হাসান আল মামুনও আশা প্রকাশ করেছেন তিন পয়েন্ট নিয়ে শেষ করার।