পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। ব্যাট হাতে রিজান হোসেনের সেঞ্চুরি আর কালাম সিদ্দিকীর দায়িত্বশীল হাফ–সেঞ্চুরির পর বল হাতে আলো ছড়িয়েছেন রাতুল ও স্বাধীন। তাদের নৈপুণ্যে ৮৭ রানের দাপুটে জয় পেয়ে সিরিজে এগিয়ে গেল সফরকারীরা।
লাফবোরোর হেসলেগ্রেভ গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দিকেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। তিন উইকেট হারিয়ে বিপাকে পড়লেও মাঝের জুটিতে ভরসা জুগিয়েছেন কালাম সিদ্দিকী ও রিজান হোসেন। দুই ব্যাটার গড়ে তোলেন ১৪৮ রানের দারুণ পার্টনারশিপ। কালাম থেমেছেন ৬৮ রানে, তবে রিজান এগিয়ে গিয়েছেন তিন অঙ্ক ছোঁয়া ইনিংসে। ১০১ বলে তার ১০০ রানের দারুণ সেঞ্চুরি দলের সংগ্রহ তিনশর কাছাকাছি নিয়ে যায়। শেষ দিকে শাহরিয়ার আল আমিনের ২৫ রানে বাংলাদেশ দাঁড় করায় ২৯২ রান। ইংল্যান্ডের হয়ে জেমস মিন্টো নেন পাঁচ উইকেট।
২৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দল। ফাহাদের বলে ওপেনার ডউকিন্স আউট হলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। তবে ইসাকের ঝোড়ো ব্যাটিংয়ে কিছুটা আশা জাগে। মাত্র ৫৩ বলে ৭৫ রান করেন এই ওপেনার। তার সঙ্গে বেনিসনের ৩৬ রানের ইনিংস ইংল্যান্ডকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দিলেও বড় জুটি গড়তে দেননি বাংলাদেশের স্পিনাররা।
অফস্পিনে দারুণ নিয়ন্ত্রণ দেখিয়ে রাতুল মাত্র ৯ রান খরচায় ৪ উইকেট তুলে নেন। স্বাধীন ইসলাম যোগ করেন আরও দুটি শিকার। শেষ পর্যন্ত ২০৫ রানে গুটিয়ে যায় ইংলিশ যুবাদের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯: ২৯২/১০ (রিজান ১০০, কালাম ৬৮, জাওয়াদ ৪০; মিন্টো ৫/৬৮)
ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯: ২০৫/১০ (ইসাক ৭৫, বেনিসন ৩৬; রাতুল ৪/৯, স্বাধীন ২/৪০)