পবিপ্রবি শিক্ষককে হেনস্থা, ইউনিক পরিবহনের চালক-হেল্পার চাকরিচ্যুত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক অধ্যাপক ও শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার এবং প্রাণনাশের হুমকির ঘটনায় ইউনিক পরিবহনের চালক ও হেল্পারকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে।

ইউনিক পরিবহনের প্রশাসক এম এ মিন্টু স্বাক্ষরিত অফিস আদেশে চাকরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করা হয়। অভিযুক্ত চালক জসিম উদ্দিন বরগুনা জেলার আমতলী থানার দক্ষিণ তাঁরিকাটা গ্রামের বাসিন্দা এবং তার ছেলে শাকিল বাসের হেল্পার হিসেবে কর্মরত ছিলেন।

গত ৪ আগস্ট কুয়াকাটা থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসে পবিপ্রবির কৃষি অনুষদের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান মিয়া মুন্না ও তিন শিক্ষার্থীকে হেনস্থা, দুর্ব্যবহার ও হুমকি দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা কুয়াকাটাগামী একটি বাস ক্যাম্পাসে নিয়ে আসেন। পরে ৫ আগস্ট বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে ইউনিক পরিবহনের কর্মকর্তাদের সঙ্গে প্রক্টরিয়াল বডি ও শিক্ষার্থীরা বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্তদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক বা শিক্ষার্থীরা চাইলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন এবং এতে ইউনিক পরিবহন কোনো বাধা দেবে না।

বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তীতে চালক ও তার ছেলের বিরুদ্ধে মানহানি মামলা করার সিদ্ধান্ত নেয়। প্রক্টর আবুল বাশার খান দেশ রূপান্তরকে জানান, এ ধরনের হেনস্থা ভবিষ্যতে কেউ যেন করার দুঃসাহস না দেখায়, আজকের এই ব্যবস্থা তাই প্রমাণ করে।