আফ্রিকা থেকে সবার আগে বিশ্বকাপে মরক্কো, এক জয়ের অপেক্ষায় মিসর

রাবাতে ১০ জনের নিগারকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা করে নিল মরক্কো। এর মধ্য দিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া আটলাস লায়নরা আবারও নতুন মাইলফলক ছুঁল—আফ্রিকা থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপে নিশ্চিত হলো তাদের অংশগ্রহণ।

শুক্রবার আগের ম্যাচে তানজানিয়া কঙ্গো-ব্রাজাভিলে ১-১ ড্র করায় মরক্কোর সামনে সমীকরণ ছিল সহজ—তিন পয়েন্ট পেলেই বিশ্বকাপ নিশ্চিত। আর সে কাজটিই নিখুঁতভাবে করে দেখাল ওয়ালিদ রেগরাগুইয়ের দল।

২৬ মিনিটে নিগারের আবদুল-লতিফ গুমেই লাল কার্ড দেখলে সংখ্যাগত সুবিধা পায় মরক্কো। তিন মিনিট পরই ইউসুফ বেল্লামারির ক্রস থেকে গোল করেন ইসমায়েল সাইবারি। বিরতির আগে হাকিমির পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

এখন পর্যন্ত ১৭ দল কোয়ালিফাই করলো

স্বাগতিক: যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা 
এশিয়া: জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান (প্রথমবার), জর্ডান (প্রথমবার), অস্ট্রেলিয়া 
ওশেনিয়া: নিউজিল্যান্ড 
দক্ষিণ আমেরিকা: আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে, কলম্বিয়া, প্যারাগুয়ে 
আফ্রিকা: মরক্কো

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও বেল্লামারির ক্রস থেকে গোল করে ব্যবধান বাড়ান আয়ুব এল কাবি। এরপর বদলি হিসেবে নেমে প্রথম আন্তর্জাতিক গোলের দেখা পান সাবেক রেঞ্জার্স ফরোয়ার্ড হামজা ইগামানে। আর সবশেষে আজেদ্দিন উনাহির বাঁকানো শটে ৫-০ তে জয় নিশ্চিত হয় মরক্কোর।

দিনটি মরক্কোর জন্য আরও ঐতিহাসিক হয়ে থাকল কারণ এটি ছিল নবনির্মিত প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে প্রথম ম্যাচ। যেখানে আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে আফ্রিকান নেশন্স কাপের ফাইনাল এবং ২০৩০ বিশ্বকাপেও ব্যবহার করা হবে এই ভেন্যু।

আফ্রিকার অন্য লড়াই

  • মিশর: কায়রোতে ইথিওপিয়াকে ২-০ গোলে হারিয়েছে মিশর। মোহামেদ সালাহ ও ওমর মারমুশ দুজনেই পেনাল্টি থেকে গোল করেছেন। গ্রুপ এ-তে ৫ পয়েন্টের ব্যবধানে শীর্ষে ফারাওরা। মঙ্গলবার বুরকিনা ফাসোর বিপক্ষে জয় পেলেই ২০১৮ সালের পর আবার বিশ্বকাপে ফিরবে মিশর।

  • সেনেগাল: সুদানের বিপক্ষে ২-০ গোলে জিতেছে সেনেগাল। কালিদু কুলিবালি ও টটেনহ্যামের পাপে মাতার সারর গোল করেন। তবে তারা এখনো গ্রুপ বি-তে ডিআর কঙ্গোর পেছনে এক পয়েন্ট পিছিয়ে। মঙ্গলবার কিনশাসায় ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচটাই হয়ে উঠবে ভাগ্য নির্ধারণী।

  • আইভরি কোস্ট: আবিদজানে বুরুন্ডিকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ এফ-এর শীর্ষে ফিরেছে আইভরি কোস্ট। ম্যাচের একেবারে শুরুতেই ভাকুন বায়ো গোল করলেও ব্যবধান আর বাড়াতে পারেনি বর্তমান আফ্রিকান চ্যাম্পিয়নরা।

  • ডিআর কঙ্গো ও বুরকিনা ফাসো: ইয়োয়ানে উইসা (ডিআর কঙ্গো) এবং দাঙ্গো ওয়াতারা (বুরকিনা ফাসো) গোল করে নিজেদের দলকে জয় এনে দেন।

  • এদিকে, শনিবার (বাংলাদেশ সময় রাত ১০টা) রুয়ান্ডার বিপক্ষে মাঠে নামবে নাইজেরিয়া। গ্রুপ সি-তে দক্ষিণ আফ্রিকা শীর্ষে রয়েছে নয় পয়েন্ট এগিয়ে। সুপার ঈগলসদের টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই।