বগুড়ায় মিলল ফ্রান্স থেকে আনা কোবরা সাপের বিষ, গ্রেপ্তার ২

বগুড়ায় ফ্রান্স থেকে নিয়ে আসা তিন কেটি টাকা মূল্যের কোবরা সাপের বিষসহ চোরাচালান চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতেয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে শুক্রবার বিকালে বগুড়া শহরের ঠনঠনিয়া মন্ডলপাড়ায় এ অভিযান চালানো হয়। কাগজের কার্টুনে রাখা বিশেষ কায়দায় ৫টি কাঁচের পাত্রের মধ্যে রাখা সাপের বিষ। সাপের বিষ তরল, পাউডার ও দানাদার আকারে কাচের পাত্রে পাওয়া যায়। প্রতিটি জারে ইংরেজিতে ‘রেড ড্রাগন কোম্পানি, মেইড ইন ফ্রান্স’ লেখা রয়েছে।

গ্রেপ্তাররা হলেন- বগুড়া শহরের ঠনঠনিয়া মন্ডলপাড়ার মো. ফেরদৌস (৭৪) ও শহরের গোহাইল সুত্রাপুর এলাকার মো. রমজান আলী (৫৫)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সদর থানার ঠনঠনিয়া মন্ডলপাড়ার মো. ফেরদৌস অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফ্রান্স থেকে নিয়ে আসা মুল্যবান কোবরা সাপের বিষ বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বগুড়া ডিবির একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে সদর থানার ঠনঠনিয়া মন্ডলপাড়া শহীদ নগর এলাকা থেকে মো. ফেরদৌস ও মো. রমজান আলীকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১টি বড় কাগজের কার্টুনের মধ্যে ৫টি কাঁচের পাত্রের মধ্যে রাখা সাপের বিষ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকা।

অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা সাপের বিষ চোরাচালানের মাধ্যমে বিদেশ হতে এনে বিক্রয়ের উদ্দেশ্যে হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে। শনিবার দুপুরে তাদের আদালতের পাঠানো হয়েছে।