বেহাল সড়ক সংস্কারের দাবিতে খুলনা–সাতক্ষীরা মহাসড়কে প্রতীকীভাবে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জিরোপয়েন্ট সংলগ্ন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খুলনা আঞ্চলিক কেন্দ্রের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিসচার উপদেষ্টা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. সামিউল হক।
সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মো. নাসির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার।
বক্তারা বলেন, খুলনা–সাতক্ষীরা মহাসড়ক এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য অভিশাপে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো যানবাহন ও যাত্রী ভাঙাচোরা সড়কে ঝুঁকিপূর্ণ যাত্রা করছেন। মাত্র পাঁচ বছর আগে দেড়শ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মহাসড়ক এখন যেন মরণফাঁদ।
তারা জানান, প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ ২০২০ সালের জুনে প্রকল্প শেষ করে। কিন্তু জিরোপয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়কে কোথাও বড় বড় গর্ত, কোথাও ভাঙা রাস্তা, কোথাও বা কর্দমাক্ত জলাশয়ে পরিণত হয়েছে। প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, উল্টে যাচ্ছে যানবাহন, প্রাণহানি ঘটছে নিয়মিত। অথচ জনদুর্ভোগ লাঘবে কার্যকর কোনো উদ্যোগ নেই।
বক্তারা অভিযোগ করেন, সড়ক ও জনপথ বিভাগের উদাসীনতা এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে মোজাহার এন্টারপ্রাইজের দায়সারা নির্মাণের কারণেই এ দুরবস্থা তৈরি হয়েছে। তারা দ্রুত স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।