চাঁদপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে (২৪) অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজগাছতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক মো. মুরাদ হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার অ্যাম্বুলেন্স চালক মুরাদ চাঁদপুর শহরের প্রফেসর পাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি আনঞ্জুমান নামীয় একটি অ্যাম্বুলেন্স ভাড়ায় নিয়ে পরিচালনা করতেন। ধর্ষণের শিকার ওই নারী শাহরাস্তি উপজেলার বাসিন্দা।
জানা যায়, চালক মুরাদ হোসেন ঢাকা থেকে রোগী নিয়ে লক্ষ্মীপুর জেলায় যান। সেখান থেকে চাঁদপুরে আসার পথে লক্ষ্মীপুর বাসস্ট্যান্ডে ঘুরাঘুরি অবস্থায় ওই নারীকে দেখতে পেয়ে তাকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে আসে। পরে অ্যাম্বুলেন্সের মধ্যে তাকে ধষর্ণ করে চালক।
পুলিশ জানায়, রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) ইবাদুল হক ও সঙ্গীয় ফোর্স টহলরত অবস্থায় ছিলেন। অ্যাম্বুলেন্সটি সড়কের পাশে থামানো অবস্থায় দেখে সন্দেহে হলে তল্লাশি চালিয়ে ওই নারীকে উদ্ধার করেন এবং অ্যাম্বুলেন্সসহ চালককে আটক করে থানায় নিয়ে আসেন।
স্বজনরা জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন হওয়ায় স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে।। তিনি তার বাবা মার সাথে বাড়িতে থাকেন। মাঝে মধ্যে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি থেকে বের হয়ে যেত। ওই নারী ৪ সেপ্টেম্বর দুপুরে বাড়ির সকলের অজান্তে বের হয়ে যায়। এরপর বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজ করে পায়নি। শনিবার পুলিশ জানায় নিখোঁজ নারী থানা হেফাজতে রয়েছেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, “এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।”