ডাকসু নির্বাচনের প্রচারণা আজ রাত ১০টায় শেষ হচ্ছে। শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছেন প্রতিশ্রুতি ও পরিকল্পনা।
শনিবার ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীর আনাগোনা কম থাকায় দিনের মূল প্রচারণা হল কেন্দ্রিকভাবে হয়েছে। সকাল থেকে হাজী মুহম্মদ মহসিন হলে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান প্রচারণা শুরু করেন।
তিনি বলেন, ‘অতীতের অপরাজনীতির সংস্কৃতি ফেলে সুস্থ ও একতার রাজনৈতিক চর্চা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে নারী বা পুরুষ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে গণনা করাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। নির্বাচিত হলে নারী হেনস্তা রোধে বিশেষ সেল গঠনেরও উদ্যোগ নেওয়া হবে।’
অপরদিকে, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা হলের শিক্ষার্থীদের সঙ্গে মিলিত হন। তিনি নারী ভোটারদের ভোটকেন্দ্রে অংশগ্রহণের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।
উমামা ফাতেমা বলেন, ‘আমরা আশা করি মেয়েরাও গণহারে ভোট দিতে আসবে। এ বিষয়ে আমরা আরও উৎসাহিত করছি।’
শনিবার অমর একুশে হলে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন এস এম ফরহাদ ও আবু বাকের মজুমদার। এ সময় তারা সাংবাদিকদের কাছে সুষ্ঠু ভোটকে ঘিরে শঙ্কা প্রকাশ করেন। বিকেলে মধুর ক্যান্টিনে জরুরি ব্রিফিং করেন স্বতন্ত্র এজিএস প্রার্থী তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী।
তাহমীদ অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের আচরণ, রাজনৈতিক প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে বৈষম্যমূলক। পাশাপাশি বিকালে ছাত্রদল ভোটের পরিবেশ ও বিভিন্ন বিষয়ে চিফ রিটার্নিং অফিসারের কাছে অভিযোগপত্র দাখিল করে।
প্রচারণা শেষ হওয়ার পর হাতে থাকবে মাত্র এক দিন। এরপর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। সব পরিস্থিতি বিবেচনা করে প্রত্যাশা করা হচ্ছে, নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর ও দৃষ্টান্তমূলক।