আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ

পাবনা-১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেড়া উপজেলার বাসিন্দারা।  রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বেড়ার সিঅ্যান্ডবি মোড়ে অবরোধ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

অবরোধকারীরা বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে পাবনা-১ আসনকে ভাগ করা হয়েছে। বেড়া উপজেলাকে পৃথক করে পাবনা-১ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। কিন্তু বেড়া উপজেলার জনগণের ব্যবসা-বাণিজ্যসহ নানা কারণে সাঁথিয়ার সঙ্গে যুক্ত। পাবনা ১ আসন থেকে বেড়াকে বাদ দিলে পৃথক আসন ঘোষণা করতে হবে। পাবনা ২ আসনে যুক্ত করার সিদ্ধান্ত বেড়াবাসী মানবে না।

অবরোধে উপস্থিত ছিলেন-বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির, সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম বিপু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল ও সাংগঠনিক সম্পাদক আকশেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মইন উদ্দিন খাজা প্রমুখ।

এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম হাবিবুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।