ববি হাজ্জাজকে হত্যাচেষ্টা: শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজকে হত্যার উদ্দেশ্যে তার গুলশান বাসভবনে প্রবেশ করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

আজ রবিবার গুলশান থানায় এ মামলাটি দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি।

গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ মামলার এজহার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে উপস্থাপন করা হয়। আদালত মামলার এজহার গ্রহণ করে ৯ অক্টোবর প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন।

মামলার অপর আসামিরা হলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল আলম চৌধুরী, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ব্যবসায়ী মোহাম্মাদ সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মাদ এ আরাফাত, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মোস্তফা আল নাফিজ, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী মো. নূর, সাবেক সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাগর আহমেদ ও আওয়ামী লীগ কর্মী শামীম।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট পতিত স্বৈরাচারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতা এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির আন্দোলনে পালিয়ে যাবার পর থেকেই এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজসহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখসারির যোদ্ধাদের প্রতিবাদী কণ্ঠকে স্তব্দ করতে পরিকল্পনা করে আসছে।