এশিয়া কাপ হকির আসর শেষ হলো বাংলাদেশের হতাশা নিয়েই। আগের আসরের মতো এবারও ষষ্ঠ হয়ে ফিরতে হচ্ছে আশরাফুল-রাকিবুলদের। শনিবার ভারতের রাজগিরে বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে পঞ্চম–ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে ৬-১ গোলে হেরে গেছে বাংলাদেশ।
১৯৮২ সাল থেকে এখন পর্যন্ত ১২ বার এশিয়া কাপ হকিতে খেললো বাংলাদেশ। সর্বোচ্চ অর্জন একবার পঞ্চম স্থান।
ষষ্ঠ স্থানে থেকে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা পাচ্ছে না। পাকিস্তান দল সরে দাঁড়ানোয় আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) বিশেষ নিয়ম করেছে—শীর্ষ পাঁচ দল সরাসরি খেলবে বিশ্বকাপ বাছাই, আর ষষ্ঠ দলকে পাকিস্তানের সঙ্গে প্লে-অফ খেলতে হবে। জাপানের কাছে হেরে ষষ্ঠ হওয়ায় এখন পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ খেলতে হবে বাংলাদেশকে। সিরিজ জিতলেই বিশ্বকাপ বাছাইয়ের টিকিট মিলবে মশিউর রহমানের শিষ্যদের হাতে।
এই সিরিজের সময় ও ভেন্যু এখনো নির্ধারিত হয়নি। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.) জানিয়েছেন, ঢাকায় ম্যাচ আয়োজনের চেষ্টা করা হবে। যদিও পুরনো টার্ফকে ঘিরে সংশয় আছে, তবে এশিয়ান হকির পর্যবেক্ষকরা সন্তুষ্ট হলে ঢাকায় আয়োজন সম্ভব হতে পারে।