জাতীয় খো খো'র দ্বৈত শিরোপা জিতল বাংলাদেশ আনসার

মার্কেন্টাইল ব্যাংক ৮ম জাতীয় খো খো প্রতিযোগিতা ২০২৫-এ পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। রবিবার পল্টন ময়দানে অনুষ্ঠিত ফাইনালে পুরুষ বিভাগে চট্টগ্রাম জেলাকে ৮ পয়েন্টে হারিয়ে এবং মহিলা বিভাগে রোমাঞ্চকর লড়াইয়ে মাত্র ১ পয়েন্ট ও ৬ মিনিট বাকি থাকতে নীলফামারী জেলাকে হারিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে আনসার।

মেয়েদের বিভাগে গাজীপুর জেলা তৃতীয় স্থান অর্জন করে। তারা যশোর জেলাকে হারায় স্থান নির্ধারণী ম্যাচে। অন্যদিকে ছেলেদের বিভাগে নীলফামারী জেলা বাগেরহাটকে হারিয়ে তৃতীয় স্থান দখল করে।

বাংলাদেশ খো খো ফেডারেশনের আয়োজনে, মার্কেন্টাইল ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহযোগিতায় তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা শুক্রবার পল্টন ময়দানে শুরু হয়। এবারের আসরে বাংলাদেশ আনসারসহ মোট ২৪টি জেলা দল অংশ নেয়।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি অসীম কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম শেখ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খো খো ফেডারেশনের সভাপতি এ এইচ এম জিয়াউল হক। এছাড়া উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর কায়ছার সাদিক, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান প্রকৌশলী আবদুর মুকতাদির ও সদস্য সচিব মতিউর রহমান বাবুল।

প্রতিযোগিতায় সেরা পারফরম্যান্স করে আলো কাড়ে নীলফামারী জেলার মাত্র ১২ বছর বয়সী লুবা আক্তার, যিনি পঞ্চম শ্রেণির ছাত্রী। তার নৈপুণ্যে দর্শকদের মুগ্ধতা বাড়ে প্রতিযোগিতাজুড়ে।