'প্রত্যাখ্যানই আমাকে বড় করেছে' বললেন ভারতের এশিয়া কাপ দল থেকে বাদ পড়া শ্রেয়াস

এশিয়া কাপ ২০২৫–এর দলে জায়গা না পেয়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রে রয়েছেন ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার। তবে এই বাদ পড়াকে নেতিবাচকভাবে না দেখে বরং শিক্ষার সুযোগ হিসেবেই দেখছেন তিনি। নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে আইয়ার জানিয়েছেন, জীবনের প্রত্যাখ্যান আর ব্যর্থতাগুলোই তাকে আজকের জায়গায় পৌঁছে দিয়েছে।

আইকিউও ইন্ডিয়ার দ্য কুয়েস্ট টক পডকাস্টে আইয়ার বলেন, “অন্যরা আমার সম্পর্কে কী ভাবছে তা নিয়ে আর ভাবি না। যখন এই মানসিকতা তৈরি হয়, তখন নিজের উন্নতিতেই মন দেওয়া যায়। প্রতিদিন আমি শিখি। আমি বিশ্বাস করি, একজন মানুষ কখনোই সম্পূর্ণ নিখুঁত নয়। জ্ঞান অনন্ত, তাই প্রতিদিন শেখার চেষ্টা করি।”

তিনি আরও যোগ করেন, “জীবন সবসময় সরল পথে চলে না। প্রত্যাখ্যান এসেছে, ব্যর্থতা এসেছে, উত্থান-পতনের মধ্যে দিয়েই যেতে হয়েছে। জীবনটা রোলার কোস্টারের মতো। এসব অভিজ্ঞতা থেকেই আমি অনেক কিছু শিখেছি।”

এশিয়া কাপে না থাকলেও আইয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে ভারত ‘এ’ দলের অধিনায়ক হিসেবে, যারা আসন্ন অনানুষ্ঠানিক টেস্ট সিরিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ‘এ’ দলের। তবে ক্রিকেট মহলে গুঞ্জন রয়েছে, কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আইয়ারের সম্পর্ক ভালো না থাকায় জাতীয় দলে তার জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে।

তবে আইয়ার এসব জল্পনায় না গিয়ে ব্যক্তিগত উন্নতিতেই মনোযোগী। তার ভাষায়, “আমি প্রতিদিন নিজের সীমা ছাড়িয়ে যেতে চাই এবং প্রতিনিয়ত নতুন কিছু শেখার অপেক্ষায় থাকি।”