ফরিদপুরে তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে সত্তরোর্ধ্ব বৃদ্ধকে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। অভিযুক্ত ওয়াজেদ শেখ ফরিদপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা। শিশুটি অভিযুক্তের প্রতিবেশী জানিয়েছেন স্থানীয়রা।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। ঘটনার সময় মোবাইলে ধারণকৃত একটি ভিডিওতে সেই স্পর্শকাতর দৃশ্য দেখা যায়। ওই সময় বৃদ্ধকে হাতে-নাতে আটক করে স্থানীয়রা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে জানায়। পরে স্থানীয়রা উত্তেজিত হয়ে বৃদ্ধের গলায় জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করেন।
শিশুটির মা বলেন, ‘মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে এই বৃদ্ধ। আমি এই নরপিশাচের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার উপ-পরিদর্শক সমীর কুমার দাস বলেন, ‘৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে আসা হয় এবং শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’