বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত ৫টি মামলায় গ্রেফতারকৃত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা.সেলিনা হায়াত আইভীর জামিনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রবিবার সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে আইভীর জামিন হওয়ার খবরটি ছড়িয়ে পড়ে। তবে এটিকে গুজব বলে দাবি করেছেন আইভীর পক্ষে শুনানিতে অংশ নেওয়া ২ আইনজীবী।
এ বিষয়ে নারাায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আইভীর পক্ষের আইনজীবী এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, এটি স্রেফ গুজব। আইভীর মামলার শুনানী হাইকোর্টে পেন্ডিং রয়েছে। আরো দেড় মাস পরে জামিন শুনানি হতে পারে।
আইভীর পক্ষের অপর আইনজীবী এডভোকেট আওলাদ হোসেন জানান, যারা এ ধরনের মিথ্যা গুজব রটিয়েছে তারা চায় না আইভী জামিনে বের হোক। আরো দেড় মাস পরে হাইকোর্টে জামিন শুনানির তারিখ রয়েছে।
জানা গেছে, চলতি বছরের ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগ তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৪টি ও ফতুল্লা থানায় একটি মামলা রয়েছে। যার মধ্যে ৩টি হত্যা মামলা। ইতোমধ্যে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ এবং চীফ জুডিশিয়াল আদালতে আইভীর জামিন না মঞ্জুর করেছে। পরে আইভীর আইনজীবীরা হাইকোর্টে জামিন শুনানির আবেদন করেন।