৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল ব্যাহত হয়। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টার পর লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হলে চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর পৌনে ৪টার দিকে আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে ভদ্রকালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। লাইনচ্যুত হওয়ার পর ট্রেনটির পেছনের কয়েকটি বগি ফেলে রেখে মাত্র পাঁচটি বগি নিয়ে জয়পুরহাট স্টেশনে পৌঁছায়।

সকাল ৮টার দিকে পার্বতীপুর থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এ সময় যাত্রীরা প্রায় পাঁচ ঘণ্টা ভোগান্তির শিকার হন। সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সান্তাহার জংশনের মাস্টার মোছা. খাদিজা খাতুন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে প্রায় দুই কিলোমিটার দূরে লাইনচ্যুত হয়। ঘটনার পর ট্রেনটি পাঁচটি বগি নিয়ে জয়পুরহাট স্টেশনে অবস্থান করে। এ সময় সান্তাহার জংশনে সীমান্ত এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস আটকে ছিল। উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি সরিয়ে দেয়ার পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।