ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা

ঢাকায় আজ দুপুর পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে এবং আকাশের কিছু অংশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (০৮ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ আজ বেশিরভাগ সময়ে আংশিক মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৬৯ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া সর্বশেষ ১২০ ঘণ্টার দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রাথমিকভাবে প্রায় অপরিবর্তিত থাকবে।