প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে দেওয়া সেই পোস্টে তিনি লিখেছেন, প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন সাবেক শিক্ষার্থী রয়েছে। স্বাভাবিকভাবেই ডাকসু নির্বাচন নিয়ে তাদের মধ্যে বিশেষ কৌতূহল কাজ করে।
তিনি উল্লেখ করেন, কয়েকদিন আগে তারা সবাই মিলে ডাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা দেখতে ক্যাম্পাসে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে ক্যাম্পাসের উদ্দেশে রওনা হওয়ার মুহূর্তেই তারা নির্বাচন স্থগিতের খবর পান। এই ঘটনায় যেকোনো মুহূর্তে ক্যাম্পাসে অশান্ত পরিস্থিতি তৈরি হতে পারে-এমন আশঙ্কায় তাদের পরিকল্পনা বাতিল করতে হয়।
এরপর তারা সময় কাজে লাগাতে বিশ্ব সাহিত্য কেন্দ্রে যান। সাহিত্য কেন্দ্রের ছাদে অবস্থিত একটি ক্যান্টিনে বসে সিঙ্গারা খাওয়ার সময় তারা জানতে পারেন, ডাকসু নির্বাচন স্থগিতের আদেশটাই স্থগিত হয়ে গেছে। তবে ক্যাম্পাসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে-এই আশঙ্কায় তারা আর সেখানে যাননি।
আবুল কালাম আজাদ মজুমদার তার নিজের ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ করে লিখেছেন, তার ক্যাম্পাস জীবনে ডাকসু ছিল একটি ছাত্রীর মতো, যে কিনা কয়েকদিন আগেও বলেছিল যে ডাকসু তার কাছে কেবল চা-সিঙ্গারা খাওয়ার জায়গা। সেখানে যে নির্বাচনও হয়, সেটি সে জানতো না।
তিনি আরও একটি স্মৃতি শেয়ার করে লিখেছেন, একবার মুহসীন হলে কিছু ছাত্রের ডায়রিয়া হলে অনেক রাতে তাদের দেখতে এসেছিলেন মেয়াদোত্তীর্ণ ভিপি আমানউল্লাহ আমান। চা-সিঙ্গারা বাদে সেটাই ছিল তার জীবনের একমাত্র ডাকসু দেখা।
তিনি এবারের নির্বাচন ভালোভাবে শেষ হোক-এমন আশা প্রকাশ করেন। তার মতে, আমাদের জাতীয় রাজনীতির বিভিন্ন ক্ষেত্রে যে নেতৃত্বশূন্যতা দেখা দিয়েছে, তার একটি বড় কারণ ডাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দীর্ঘকালীন অনুপস্থিতি।
ডাকসু নির্বাচনে কে জিতবে তা তিনি জানেন না বলে উল্লেখ করেন। তবে তার মতে, যারা হারবে, তাদের হতাশ হওয়ার কিছু নেই। কারণ হেরে যাওয়া মানেই হারিয়ে যাওয়া নয়।
তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এই নির্বাচনসহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেখানে যারা প্রার্থী হয়েছেন, তারাই আগামী দিনে জাতীয় রাজনীতির হাল ধরবে। সব প্রার্থীর জন্য তিনি আগাম শুভকামনা জানান।