মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নুরুল হক নুর, শারীরিক অবস্থার উন্নতি

রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার রাত সোয়া ১টায় হাসপাতালের পরিচালক এ বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, নুরুল হক নুরের শারীরিক অবস্থার আগের তুলনায় অনেক বেশি উন্নতি ঘটেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার দিন নুরুল হক নুরকে হাসপাতালে আনার পরপরই একটি মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা শুরু করা হয়। হাসপাতালের পরিচালকসহ চিকিৎসকরা সরাসরি উপস্থিত থেকে সারারাত তাঁর চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন। একই রাতে তাঁকে জরুরি বিভাগ থেকে নিবিড় পর্যবেক্ষণ কক্ষে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে আরও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ১০ সদস্যের নতুন একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরাতন ভবনের ভিআইপি কেবিনে আছেন।

তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের আরও বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করে। এ সময় লাঠিচার্জের ঘটনায় নুরুল হক নুর ও দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ ৫০ জন আহত হন। নুরুল হক নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলেও পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢামেকে স্থানান্তর করা হয়।