জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে শহিদ আবু সাঈদ হত্যার ঘটনার সঙ্গে সম্পর্কিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন—অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাছিদ ও জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল ২৮ আগস্ট। ওই দিন শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন জবানবন্দি দেন। একই সঙ্গে রংপুরে কর্মরত এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট একেএম মঈনুল হকও জবানবন্দি দেন, যদিও তার জেরার কাজ এখনো শেষ হয়নি। সোমবার ট্রাইব্যুনালের বিচারকাজ শুরুতেই সাংবাদিক মঈনুলকে জেরার বিষয়টি আসামিপক্ষের আইনজীবীরা পেনেলে উপস্থাপন করবেন।
মামলার আনুষ্ঠানিক বিচার ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হয়। সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ৬ আগস্ট ট্রাইব্যুনাল ৩০ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
মামলায় বেরোবির সাবেক ভিসিসহ ২৪ জন আসামি এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে ২২ জুলাই সরকারি ব্যয়ায় চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
৩০ জুলাই পলাতক আসামিদের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী। এর মধ্যে পাঁচজনের হয়ে লড়েন আইনজীবী সুজাত মিয়া। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের পক্ষে ছিলেন আইনজীবী মামুনুর রশীদ। এছাড়া শুনানি করেন আইনজীবী ইশরাত জাহান ও শহিদুল ইসলাম। ২৯ জুলাই তিনজন আসামির পক্ষে শুনানি অনুষ্ঠিত হয়; শরিফুলের পক্ষে লড়েন আইনজীবী আমিনুল গণি টিটো, কনস্টেবল সুজনের পক্ষে ছিলেন আইনজীবী আজিজুর রহমান দুলু এবং ইমরানের পক্ষে ছিলেন আইনজীবী সালাহউদ্দিন রিগ্যান।
২৮ জুলাই প্রসিকিউশন প্যানেল ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করে। ট্রাইব্যুনাল ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেন। মামলার তদন্ত প্রতিবেদন ২৪ জুন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। এ মামলায় মোট ৬২ জন সাক্ষীর বিবৃতি নেওয়া হবে।