গাইবান্ধায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। তার বয়স আনুমানিক ৩০ বছর।সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে গোবিন্দগঞ্জ উপজেলার বকচর কালিতলা এলাকার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয়দের বরাতে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফার হোসেন জানান, সকালে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পায়। পরে তারা থানায় খবর পাঠায়। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রংপুর সার্ভিস লেনে দ্রুতগতির কোনো যান তাকে চাপা দিয়ে সড়কের পাশে ফেলে রেখে যায়।
তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।