ঢামেক পরিচালক

নুরের শর্ট-টাইম মেমোরি লস হয়নি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের মাথায় আঘাতের কারণে শর্ট মেমোরি লস হয়নি।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নুরুল হক নুরের স্বাস্থ্যবিষয়ক সর্বশেষ তথ্য জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, নুরের নাকে হাড় ভেঙে যাওয়ায় মাঝেমধ্যে রক্তপাত হচ্ছে। এটি সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। তার চোখের সমস্যাজনিত জমাট রক্তও অপসারণ করা হয়েছে।

পরিচালক আরও বলেন, নুরের পরিবার চাইলে তাকে চিকিৎসার জন্য বিদেশেও নিতে পারবে। তবে তার জ্বর ও ঠান্ডার উপসর্গ থাকায় নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্টে এটি ডেঙ্গু নাকি ভাইরাস জ্বর, তা জানা যাবে।

তিনি জানান, নুরের জ্বর না থাকলে শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে এখনই তাকে বাড়ি পাঠানো সম্ভব।