খালেদা জিয়ার নাম ভাঙিয়ে প্রতারণা, সিআইডির মামলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম ব্যবহার করে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মানিলন্ডারিং মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (৮ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিআইডির অনুসন্ধানে উঠে এসেছে, মোতাল্লেছ হোসেন নামের এক ব্যক্তি নিজেকে খালেদা জিয়ার লিয়াজোঁ অফিসার দাবি করে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে টাকা গ্রহণ করেন। তার নামে খোলা ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ২০ কোটি টাকার লেনদেনের তথ্য  পেয়েছে সিআইডি।

এছাড়াও, অনুসন্ধানে জানা গেছে, মোতাল্লেছ হোসেনের এম এল ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের কাগজপত্র থাকলেও বাস্তবে এর কোনো কার্যক্রম নেই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স থাকলেও ওই প্রতিষ্ঠানের আমদানি-রপ্তানি বা ঠিকাদারি ব্যবসার কোনো প্রমাণ মেলেনি।

অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন সময়ে গার্মেন্টস মালিক, চা-বাগানের মালিক কিংবা ঠিকাদারি ব্যবসায়ী হিসেবে নিজেকে উপস্থাপন করে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন। পরবর্তীতে বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে অর্থ সংগ্রহ করতেন। এভাবে তার নিজস্ব ব্যাংক হিসাবে প্রায় ১৫ কোটি টাকা জমা হয়, যা তিনি আত্মসাৎ করেছেন।

বর্তমানে তার বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা ৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা আদালতের আদেশে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২)(৪) ধারায় রাজধানীর পল্লবী থানায় মামলা দায়ের করা হয়। মামলায় মোতাল্লেছ হোসেনসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে মামলার তদন্ত অব্যাহত রয়েছে।