চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
কার্পাসডাঙ্গা কাউন্সিল মোড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনায় আহত হয় জিহাদ। নিহত জিহাদ উপজেলার পাটাচোরা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। সে পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী ও মৃতের স্বজনরা জানান, রবিবার জিহাদ হোসেন মোটরসাইকেলযোগে কার্পাসডাঙ্গা থেকে বাড়ি ফিরছিল। দর্শনা-মুজিবনগর সড়কে কার্পাসডাঙ্গা কাউন্সিল মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিহাদ ছিটকে পিচ সড়কে পড়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আজ সোমবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।