৩৮ বছর শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত বিদায় 

একটানা আটত্রিশ বছর শিক্ষকতা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন লোহাগাড়ার পদুয়া ওয়ার্ড বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শ্রাবনী রায়। তিনি ১৯৮৭ সালে এ বিদ্যালয়ে যোগদান করেন। সোমবার (৮ সেপ্টেম্বর) ছিলো শিক্ষিকা শ্রাবনী রায়ের এ বিদ্যালয়ে শেষ কর্মদিবস। 

এ উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গনে সোমবার দুপুরে শিক্ষক-শিক্ষার্থীরা উদ্যোগে আয়োজন করা হয় বিদায় সংবর্ধনা। এ বিদায় সংবর্ধনায় দীর্ঘদিনের সহকর্মী ও ক্ষুধে শিক্ষার্থীরা অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় জানান।

জানা যায় , প্রায় ১৫ বছর ধরে পায়ের ব্যাথা ও শারীরিক অসুস্থতা নিয়ে তিনি নিয়মিত বিদ্যালয়ে পাঠদান করতেন। এ ব্যাপারে শ্রাবণী রায় বলেন , অসুস্থতার এক পর্যায়ে শিক্ষকতা ছেড়ে দিতে চাইলেও শেষে দেখলাম বিদ্যালয়ে না আসলে অসুস্থতা আরও বেড়ে যাবে। তাই শিক্ষকতা ছেড়ে যেতে পারিনি। পাশাপাশি ছোট  বাচ্চাদের দেখলেই মন ভালো হয়ে যেতো। 

স্কুলের শিক্ষিকা কমরুন্নাহার বেগম বলেন, তিনি আমারই শিক্ষক। আমি তার ছাত্রী। আজ তিনি চলে যাবেন এটা মেনে নিতে পারছিনা। তিনি ছিলেন আমার অভিভাবকের মতো। 

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ইসবাতুল মুবিন বলেন , ম্যাডাম আমাদের খুব আদর করতেন। ম্যাডামের জন্য খারাপ লাগছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলক দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা ইবনে মাসুদ রানা। ইবনে মাসুদ রানা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে এ ধরণের শিক্ষক খুব প্রয়োজন । যিনি অন্তর দিয়ে শিক্ষকতা পেশাটাকে ভালবাসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর , ইন্ট্রাক্টর বিজন কুমার বালা , শিক্ষক নেতা জহির উদ্দিন মো. বশির ও নুরুল আমিন , শিক্ষিকা কামরুন্নাহার বেগম , জনতা ব্যাংক পেকুয়া শাখার ব্যবস্থাপক সবুজ দাশ , প্রধান শিক্ষক আব্দুল গনি ও জমিলা মেহবুবা প্রমুখ।