রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও কবর থেকে মরদেহ উত্তোলন করে পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক বিরাজ করছে স্থানীয় এলাকাজুড়ে। তবে এই ঘটনায় নির্দোষ সাধারণ মানুষকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না বলে আশ্বস্ত করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সিদ্দিকুর রহমান।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
এ সময় তিনি বলেন, একটি শান্তিপূর্ণ সমাবেশে হাজার হাজার মানুষ উপস্থিত থাকতে পারে। কিন্তু যখন পরিস্থিতি অশান্ত হয়ে যায়, তখন সবার সম্পৃক্ততা থাকে না। তাই নির্বিচারে সবাইকে আসামি করা বা গ্রেপ্তার করা আইনসঙ্গত নয়। যারা প্রকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং আইনশৃঙ্খলা ভেঙেছে কেবল তাদেরকেই আইনের আওতায় আনা হবে। অপরাধীরা কেউই ছাড় পাবে না।
তিনি আরও জানান, পুলিশের কাছে ইতোমধ্যেই বেশ কিছু প্রমাণ এসেছে। সেই আলোকেই তদন্ত এগিয়ে নেওয়া হবে। তবে সাধারণ মানুষকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
ডিআইজির এ ব্রিফিংকালে রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) মো. কামরুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল এবং গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
এদিকে, দুপুর পৌনে ১টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে প্রবেশ করে। তারা দরবার এলাকা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং ফরেনসিক পরীক্ষার জন্য তা সংরক্ষণ করে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় দায়ীদের আইনের মুখোমুখি করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
ঘটনার পর থেকে এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক থাকলেও প্রশাসনের পক্ষ থেকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।