বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার নাম পরিবর্তন করছে সরকার। এতে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রকে আগের নামে ফিরিয়ে নেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি)’-এর পরিবর্তিত নাম ‘বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র’।
গতকাল সোমবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য এবং অন্যদের নামে নামকরণকৃত প্রতিষ্ঠান/স্থাপনা/প্রকল্পের নাম পরিবর্তন-সংক্রান্ত তালিকা হালনাগাদকরণের এ তথ্য জানানো হয়েছে।
তাছাড়া শেখ হাসিনা সরণি, কুড়িল লিংক রোডের পরিবর্তিত নাম ‘জুলাই ৩৬’ এক্সপ্রেসওয়ে, কুড়িল লিংক রোড, চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ ফ্লাইওভারের পরিবর্তিত নাম ‘শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক’, রাজশাহীর বঙ্গবন্ধু স্কয়ারের পরিবর্তিত নাম ‘আরডিএ কমপ্লেক্স, রাজশাহী’; শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পার্কের পরিবর্তিত নাম ‘আরডিএ পার্ক, রাজশাহী’ এবং চট্টগ্রামের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সড়কের পরিবর্তিত নাম ‘প্রফেসর ড. আবদুল করিম সড়ক’।