ভিপি প্রার্থী উমামা ফাতেমা জয়ের বিষয়ে আশাবাদী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা জানিয়েছেন, তার লক্ষ্য একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন। 

তিনি বলেন, “আমরা কোনো নেতিবাচক মনোভাব নিয়ে এগোচ্ছি না এবং ফলাফল বর্জনের অবস্থায় নেই। আমাদের লক্ষ্য সঠিকভাবে নির্বাচন সম্পন্ন করা।”

মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উমামা ফাতেমা বলেন, ভোটারদের থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন। শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছেন, এবং জয়ের বিষয়ে তিনি আশাবাদী।

কোন হল থেকে সবচেয়ে বেশি ভোট আশা করছেন– এমন প্রশ্নে তিনি জানান, “এখনো সেই হিসাব হাতে নেই।” ভোটের পরিস্থিতি সম্পর্কে তিনি মন্তব্য করেন, “সবকিছু এখন পর্যন্ত ভালো চলছে। সবাই ভোট দিচ্ছে এবং আমরা চাই এভাবেই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ হোক।”

বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। বিকেল চারটার মধ্যে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দিতে পারবেন।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনকে ঘিরে সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ বন্ধ থাকবে, যা বুধবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।