মা-মেয়ে হত্যার ঘটনায় কুবিতে কালোব্যাজ ধারণ ও দোয়া

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা আক্তার ফাতেমার হত্যার ঘটনায় কালোব্যাজ ধারণ ও দোয়ার আয়োজন করেছে  বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা প্রথমে কালো ব্যাজ ধারণ করে। পরে নিহতদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সবশেষে নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় তারা।

এ সময় লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নিহতের সহপাঠী সামিউন সোলতানা ঔশি বলেন, আমাদের বন্ধু সুমাইয়া আফরিন সবসময় খুব শান্ত স্বভাবের ও মেধাবী শিক্ষার্থী ছিলেন। এমন নির্মম হত্যাকাণ্ড আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা প্রশাসনের কাছে দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোসা. শামসুন্নাহার বলেন, সুমাইয়ার অকাল প্রস্থান আমাদের হৃদয়ে অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। এই নির্মম হত্যাকাণ্ডের ন্যায়বিচার আমরা চাই এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন,  আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি যেন তারা সুষ্ঠুভাবে বিষয়টি তদন্ত করে এবং কোনো আসামিরা পার না পায়। তাছাড়া এই ঘটনার রিপিট চাই না।