ডাকসু নির্বাচন

ছয় মিনিটে ভোট শেষ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটারদের গড়ে ছয় মিনিট সময় লাগছে ভোট দিতে। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে শিক্ষার্থীরা দ্রুত ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচনী বিভিন্ন কেন্দ্রে ভোটাররা জানান, আগে থেকেই তাদের পছন্দের প্রার্থী নির্ধারণ করে আসায় ভোটদান প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়েছে। এদিন উৎসবমুখর পরিবেশে ও নিরাপত্তা কর্মকর্তাদের সহযোগিতায় তারা ভোট দেন।

ভোটারদের সঙ্গে আলাপ করে জানা যায়, কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য আলাদা ব্যালট বাক্স থাকলেও ভোটগ্রহণ প্রক্রিয়া ছিল সহজ এবং নির্বাচনী কর্মকর্তারা এ ব্যাপারে সার্বিক সহায়তা করছেন। এ কারণে ভোট দিতে বেশি সময় লাগেনি। তবে যারা পূর্বপরিকল্পনা ছাড়া ভোটকেন্দ্রে গিয়েছিলেন, তাদের কিছুটা বেশি সময় লেগেছে।

কবি নজরুল ইসলাম হলের শিক্ষার্থী আবদুল্লাহ আল ফাহাদ বলেন, আগে থেকেই আমি ঠিক করে রেখেছিলাম কাকে ভোট দেব। তাই ভোট দিতে সময় লাগেনি; বরং পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।

ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী লাবিবা হাসান বলেন, বহু প্রার্থীর মধ্যে থেকে সঠিক ব্যক্তি বেছে নেওয়া সহজ নয়। তাই আগে থেকে আমি আমার পছন্দের প্রার্থী তালিকা তৈরি করে নিয়েছিলাম। এজন্য ভোট দিতে আমার মাত্র ৬ মিনিট সময় লেগেছে।

এবারের ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ৪১টি পদের জন্য মোট ৪৭১ জন প্রার্থী এবং হল সংসদের জন্য ১০১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর ভোটাধিকার প্রয়োগের জন্য আটটি কেন্দ্রে মোট ৮১০টি বুথ স্থাপন করা হয়।