ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ, শিবিরকে নিয়ে যা বললেন নাছির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ উঠলেও দলটি তা প্রত্যাখ্যান করেছে।

অভিযোগ রয়েছে, প্রার্থী ও কর্মীরা ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করেছেন এবং কেন্দ্রের কাছাকাছি এলাকায় প্রচারণা চালিয়েছেন। তবে এ বিষয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, অভিযোগগুলো ভিত্তিহীন।

তিনি বলেন, “শিবির সমর্থিত প্রার্থীরা বারবার অভিযোগ তুলছে। দুঃখজনকভাবে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কিছু কর্মকর্তা আচরণবিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা ছাড়াই দায়িত্ব পালন করছেন। এতে স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।”

নাছির দাবি করেন, শিবিরের প্রার্থীরাই গোপনে শিক্ষার্থীদের হাতে প্রচারণাপত্র দিচ্ছেন, অথচ দায় দেওয়া হচ্ছে ছাত্রদলের ওপর। তার ভাষায়, “আমরা শুধু শিক্ষার্থীদের সহায়তার জন্য প্রার্থীদের তালিকা দিয়েছি। এটি কোনোভাবেই আচরণবিধি ভঙ্গ নয়।”

ছাত্রদলের সহায়তা কেন্দ্র নিয়েও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে জানান তিনি। “আমাদের সহায়তা কেন্দ্রগুলো শত মিটার দূরে স্থাপন করা হয়েছে। নিয়ম ভাঙা হয়নি,” বলেন নাছির।

এছাড়া তিনি মনে করিয়ে দেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ রয়েছে। এ বিষয়টি না জেনেই কিছু শিক্ষক ও দায়িত্বশীল কর্মকর্তা ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

শেষে সাংবাদিকদের উদ্দেশে নাছির বলেন, “আপনারা নিয়ম-কানুন পড়ে প্রতিবেদন করলে সঠিক চিত্র প্রকাশ পাবে এবং কোনো পক্ষ অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হবে না।”