জন্মদিনে বিশেষ পোস্ট অক্ষয়ের

খিলাড়ি বলে খ্যাতি পাওয়া বলিউডের জাঁদরেল অভিনেতা অক্ষয় কুমার আজ পা রাখলেন আটান্নতে। আর সেই প্রেক্ষিতেই দর্শক-অনুরাগীদের জন্য বিশেষ পোস্ট উপহার তার। খিলাড়ির মন্তব্য, ‘নিজেকে গড়ে তোলার ৫৮ বছর। ইন্ডাস্ট্রিতে ৩৪ বছর। দেড়শোটি সিনেমায় অভিনয়, এখনও আরও বাকি। আমার এই জার্নিতে যারা আমার সঙ্গে থেকেছেন, আমাকে বিশ্বাস করে আমার সিনেমার টিকিট কেটেছেন কিংবা যেসব প্রযোজক-পরিচালকরা আমার উপর ভরসা রেখেছেন, আমাকে পথ দেখিয়েছেন, আমার এই সফরের অংশীদার তারাও। যেভাবে আমাকে নিঃশর্ত ভালোবাসা দিয়েছেন আপনারা, যেভাবে আমাকে উৎসাহ দিয়েছেন, আজ মন থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ছাড়া আমি শূন্য। যারা আমার উপর ভরসা রেখেছেন, এই জন্মদিনটা তাদের জন্য উৎসর্গ করলাম।’ 

অক্ষয়ের ধন্যবাদজ্ঞাপনের পোস্টে ভক্তদের কমেন্টের জোয়ার। খিলাড়িকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বলিউডের পিচে তার কঠিন লড়াইয়ের কথাও মনে করিয়ে দিয়েছেন অনেকে। তাদের আবদার, ‘ফিরে আসুন অ্যাকশন অবতারে।’ সব মিলিয়ে জন্মদিনে চর্চার শিরোনামে ‘বার্থ ডে বয়’ অক্ষয় কুমার।