মাঠের খেলা শুরুর আগে ঘটা করে হয়ে গেল এশিয়া কাপে অংশ নেওয়া দলগুলোর অধিনায়কদের নিয়ে সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে নিজের দলের প্রস্তুতি ও লক্ষ্য তুলে ধরেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। তার মতে, ম্যাচ জিততে হলে ক্রিকেটারদের দিতে হবে শতভাগ।
লিটন বলেন, ‘সম্প্রতি তিনটি সিরিজ আমরা খেলেছি, খুব ভালো খেলেছি। সব খেলোয়াড় খুব রোমাঞ্চিত। এশিয়া কাপে সব দলই ভালো। নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে। ম্যাচ জিততে হলে শতভাগ দিতে হবে, এটাই মূল চ্যালেঞ্জ।’
এশিয়া কাপে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান—দুটি দলই বেশ শক্তিশালী। তাই অনেকে ধারণা করছেন, গ্রুপ পর্বই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে এসব কথার জবাব দিতে আগ্রহী নন অধিনায়ক লিটন কুমার দাস। দলকে কিছু প্রমাণ করার তাড়না আছে কি না—এমন প্রশ্নে লিটনের জবাব, ‘না, (দেখিয়ে দেওয়ার) তাড়না বলতে কিছু নেই। সম্প্রতি ভালো ক্রিকেট খেলে এসেছি। ক্যাম্পও করেছি। এশিয়া কাপের জন্য আমরা ভালোভাবে প্রস্তুত। সবই এখানে ভালো দল। খেলাটা চ্যালেঞ্জিং হবে। চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি। আমরা আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করব।’
শিরোপার স্বাদ পেতে চান জানিয়ে লিটন আরও বলেন, ‘আমরা বেশ কয়েকবার রানার-আপ হয়েছি। এখনও চ্যাম্পিয়নশিপের স্বাদ পাইনি। অতীত তো ইতিহাস, ইতিহাস তৈরি হয় ভাঙার জন্য। আমরা ভালো খেলার চেষ্টা করব। চ্যালেঞ্জ হবে, এত সহজ হবে না। দল হিসেবে কীভাবে আরও উন্নতি করতে পারি সেই চেষ্টা করব।’