পরিবেশ সুবিধাজনক মনে হচ্ছে না আবিদুলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণে শিক্ষার্থীদের অপ্রত্যাশিত বাধার অভিযোগ করেছেন ছাত্রদল প্যানেলের সহসভাপতি পদপ্রার্থী আবিদুল ইসলাম।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। 

আবিদুল ইসলাম অভিযোগ করেন, নির্বাচনের পরিবেশ সুবিধাজনক মনে হচ্ছে না এবং অংশগ্রহণের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা হচ্ছে। তিনি যেসব শিক্ষার্থী এখনও ভোট দিতে আসেননি, তাদের ভোট দিতে আহ্বান জানান।

প্রার্থী জানান, দুপুরে অমর একুশে হল এবং রোকেয়া হলে পূরণকৃত ব্যালট শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে। ঘটনার সত্যতা তিনি নিজেই নিশ্চিত হয়েছেন। 

তিনি বলেন, এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

এছাড়া, ডাকসু নির্বাচনের আচরণবিধিতে প্রার্থীদের কেন্দ্রে প্রবেশাধিকারের স্পষ্ট উল্লেখ থাকা সত্ত্বেও, তার বিরুদ্ধে গুজব ছড়ানো হয়েছে। গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে আবিদুল ইসলাম বলেন, ‘কোনো তথ্য প্রকাশের আগে যাচাই বাছাই করা জরুরি।’