সাবেক সচিব শফিকুল ইসলাম কারাগারে

সন্ত্রাসবিরোধী বিশেষ আইনের এক মামলায় সাবেক সচিব ভুইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালত তার জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. আখতার মোর্শেদ তার বিরুদ্ধে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আসামি শফিকুল ইসলাম মামলার ঘটনার সঙ্গে জড়িত বলে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তার পরামর্শ ও সহযোগিতায় ‘মঞ্চ ৭১’ নামক সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এজাহারনামার অন্য আসামি লতিফ সিদ্দিকীসহ অন্য আসামিদের সঙ্গে তিনি বিভিন্ন সময় গোপন বৈঠক ও যোগাযোগ করেছেন বলে তদন্তে প্রমাণ মিলেছে।

তদন্তকারী পক্ষ আরও দাবি করে, আসামি জামিনে মুক্তি পেলে রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্রে পুনরায় লিপ্ত হবে এবং মামলার তদন্তে বিঘ্ন ঘটাবে। মামলার সুষ্ঠু তদন্ত ও নাম-ঠিকানা যাচাই না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা অপরিহার্য। এছাড়া, তদন্তের স্বার্থে পরবর্তীতে ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশি রিমান্ডে নেওয়ারও প্রয়োজন হতে পারে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে পটুয়াখালীর কলাপাড়ার আনন্দলোক ইকো রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।