ক্ষুব্ধ দিলারা জামান

ছয় দশকেরও বেশি সময় ধরে একটানা সুনামের সঙ্গে কাজ করে আসছেন মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের জাঁদরেল অভিনেত্রী দিলারা জামান। যদিও বয়সের ভারে শরীর অনেকটা নিস্তেজ পড়েছে একুশে পদকপ্রাপ্ত এই অভিনেত্রী। তারপরও থেমে নেই তার কাজ। বর্ষীয়ান এই অভিনেত্রী এবার তার ভক্তদের সতর্ক করনে। সোশ্যাল মিডিয়ায় তার নামে ফেক আইডি খোলা হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে আইনি সহায়তাও নিচ্ছেন দিলারা জামান। 

স্পষ্ট জানিয়ে দিলেন, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নন তিনি। তবে তার নামে বেশ কিছু আইডি ও পেজের দেখা মেলে। এবার এসব আইডি সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়ে এ অভিনেত্রী জানালেন, তিনি ফেসবুক ব্যবহার করেন না। কে বা কারা আমার নামে অ্যাকাউন্ট খুলেছে, আমি জানি না। বিষয়টি নিয়ে আমি ভীষণ বিরক্ত ও ইনসিকিউর ফিল করছি।’ 

নিজের ভক্ত ও দর্শকদের উদ্দেশে নন্দিত এই তারকা বলেন, ‘আমি আমার সব শুভাকাঙ্ক্ষী ও দর্শকদের বলতে চাই, ফেসবুকে আমার নামে যেসব পেজ বা আইডি রয়েছে, সবগুলোই আমার অনুমতি ছাড়া খোলা হয়েছে। এসব ভুয়া আইডি থেকে প্রকাশিত কোনো পোস্ট বা বার্তায় বিভ্রান্ত হবেন না বা প্রলুব্ধ হবেন না। ’ আইনের আশ্রয় নিয়েছেন জানিয়ে দিলারা জামান বলেন, ‘বিষয়টি নিয়ে আমি ইতিমধ্যে সাইবার ক্রাইম ইউনিটে জানিয়েছি।’