তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং গুজব ও অপতথ্য প্রতিহত করার ক্ষেত্রে সাংবাদিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাজধানীতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘ডিজিটাল সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কর্মশালার লক্ষ্য ছিল জুলাই গণ-অভ্যুত্থানে আহত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা।
তথ্য সচিব বলেন, জুলাই অভ্যুত্থানে সাংবাদিকরা নির্ভীকভাবে দায়িত্ব পালন করেছেন। অনেকে আহত হয়েছেন, অঙ্গহানি ও দৃষ্টিশক্তি হারিয়েছেন, ১ হাজার ৬০০-এর বেশি মানুষ প্রাণ দিয়েছেন। আমরা সেই রক্তের ওপর দাঁড়িয়ে আছি। এই রক্তের ঋণ শোধ করার সময় এসেছে। আমাদের কোনো দল নেই, কোনো মত নেই, আমাদের আছে ২৪। দল-মতের ঊর্ধ্বে থেকে ২৪ জুলাই থেকে শেখার মূল শিক্ষা হলো—সত্য প্রকাশ করা ও মাথা নত না করা।
সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, দেশকে সুন্দর করার শপথ আপনাদের নিতে হবে। জনগণের সামনে সত্য তুলে ধরুন। অপতথ্য, গুজব ও অপশক্তির বিরুদ্ধে ক্ষুরধার কলম হাতে লড়াই করতে হবে। মানুষের মনে ২৪-এর গণ-অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখার দায়িত্বও আপনার।
প্রশিক্ষণ কর্মশালায় তিনি সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সাংবাদিকতায় শুধু লেখনী নয়, ভিজ্যুয়াল ও ডিজিটাল মাধ্যমের গুরুত্বও অপরিসীম। মোবাইল দিয়ে ছবি তোলা, ভিডিও ধারণ ও সম্পাদনার সঙ্গে ডিজিটাল সাংবাদিকতার আধুনিক পদ্ধতি শেখা জরুরি। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে শুধু লেখা নয়, ছবি ও ভিডিও মানুষের মনে সবচেয়ে বেশি ছাপ ফেলেছে; মানুষ এসব দেখে কষ্ট ও দুঃখ অনুভব করেছে।
সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, সাংবাদিকরা কেবল তথ্য পরিবেশকেরূপে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রসেনানীরূপেও গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সাংবাদিকরা যদি সাহসের সঙ্গে সত্য না বলেন, সমাজ নীরব হয়ে যাবে। তাই ছোট শহর বা জেলা পর্যায়ের সাংবাদিকরাও সমান গুরুত্বপূর্ণ। জুলাই আন্দোলনে সারাদেশের সাংবাদিকদের অংশগ্রহণ তার প্রমাণ।
নির্বাচনকালীন ভুয়া খবর ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীতে ইলেকশন রিপোর্টিং নিয়েও বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হবে।
প্রশিক্ষণে অংশ নিচ্ছেন মোট ২৮ জন সাংবাদিক, যারা গণ-অভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনকালে শারীরিক ও মানসিকভাবে আহত হয়েছেন।