ভক্তদের সতর্ক করলেন দিলারা জামান

ছয় দশকেরও বেশি সময় ধরে একটানা সুনামের সঙ্গে কাজ করে আসছেন মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের জাঁদরেল অভিনেত্রী দিলারা জামান। যদিও বয়সের ভারে শরীর অনেকটা নিস্তেজ পড়েছে একুশে পদকপ্রাপ্ত এই অভিনেত্রীর। তারপরও থেমে নেই তার কাজ। বর্ষীয়ান এই অভিনেত্রী এবার তার ভক্তদের সতর্ক করেন। সোশ্যাল মিডিয়ায় তার নামে ফেক আইডি খোলা হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে আইনি সহায়তাও নিচ্ছেন দিলারা জামান।

স্পষ্ট জানিয়ে দিলেন, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নন তিনি। তবে তার নামে বেশ কিছু আইডি ও পেজের দেখা মেলে। এবার এসব আইডি সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়ে এ অভিনেত্রী জানালেন, ‘তিনি ফেসবুক ব্যবহার করেন না। কে বা কারা আমার নামে অ্যাকাউন্ট খুলেছে, আমি জানি না।

বিষয়টি নিয়ে আমি ভীষণ বিরক্ত ও ইনসিকিউর ফিল করছি।’

নিজের ভক্ত ও দর্শকদের উদ্দেশে নন্দিত এই তারকা বলেন, ‘আমি আমার সব শুভাকাক্সক্ষী ও দর্শকদের বলতে চাই, ফেসবুকে আমার নামে যেসব পেজ বা আইডি রয়েছে, সবগুলোই আমার অনুমতি ছাড়া খোলা হয়েছে। এসব ভুয়া আইডি থেকে প্রকাশিত কোনো পোস্ট বা বার্তায় বিভ্রান্ত হবেন না বা প্রলুব্ধ হবেন না।’ আইনের আশ্রয় নিয়েছেন জানিয়ে দিলারা জামান বলেন,

‘বিষয়টি নিয়ে আমি ইতিমধ্যে সাইবার ক্রাইম ইউনিটে জানিয়েছি।’

১৯৬৬ সালে ত্রিধরা নাটকের মাধ্যমে টেলিভিশনে অভিনয় যাত্রা শুরু। নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেন। ১৯৯০ এর দশকে তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চাকা (১৯৯৩) এবং আগুনের পরশমণি (১৯৯৪) চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ব্যাচেলর (২০০৪), মেড ইন বাংলাদেশ (২০০৭), চন্দ্রগ্রহণ (২০০৮), প্রিয়তমেষু (২০০৯), ও মনপুরা (২০০৯) চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৮ সালের চন্দ্রগ্রহণ চলচ্চিত্রে ময়রা মাসী চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ১৯৯৩ সালে শিল্পকলায় অবদানের জন্য তিনি বাংলাদেশ সরকার কর্র্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন।